
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এর আগে টানা দুই দিন দাম বাড়লেও যুক্তরাষ্ট্রের বাড়তি মজুতের খবরে সেই ঊর্ধ্বমুখী ধারা থেমেছে। তবে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় বাজারে অনিশ্চয়তা এখনো রয়েছে।
বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৮ ডলার ২ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে হয়েছে ১০৪ ডলার ৭৩ সেন্ট। আগের দিনের তুলনায় ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ।
এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৩ ডলারের বেশি বেড়েছিল। একই সঙ্গে দাম ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল ওঠানো বন্ধ হওয়া এবং ইউরোপে সৌদি তেল সরবরাহ কমে যাওয়ার খবরে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।
বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রল ও পরিশোধিত জ্বালানির মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ৭১ লাখ ব্যারেল।
অথচ বাজার বিশ্লেষকেরা ওই সময়ে মজুত প্রায় ১৬ লাখ ব্যারেল কমবে বলে ধারণা করেছিলেন। প্রত্যাশার বিপরীতে মজুত বেড়ে যাওয়ায় বাজারে তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন হিসাব তৈরি হয়েছে।
পেট্রল ও ডিজেলের মজুতও অপ্রত্যাশিতভাবে বেড়েছে। এতে তেলের দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে মজুত বাড়লেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে মূল উদ্বেগ এখনো কাটেনি।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেলের বাজারের জন্য অন্যতম বড় ঝুঁকি হয়ে রয়েছে। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন এবং ইয়ানবু বন্দরের তেল রপ্তানি অবকাঠামো ঘিরে হামলার পর সরবরাহ পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে বাজার বিশ্লেষকদের একাংশ মনে করছেন।
মঙ্গলবার ইউরোপে ডিজেলের ফিউচার দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরির আশঙ্কা আরও স্পষ্ট হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার ইয়েমেনের ইরানপন্থি হুতিদের হামলার পর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দেয়। এরপর ইয়ানবু বন্দরে তেল ওঠানোও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
বিকল্প পথে তেল সরবরাহের চেষ্টাও করছে সৌদি আরব। বুধবার জানা গেছে, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল পাঠানোর চেষ্টা করছে। লোহিত সাগরমুখী গুরুত্বপূর্ণ পাইপলাইনে ড্রোন হামলার পর এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল কমেছে। মঙ্গলবার প্রণালিটি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে বলে দৃশ্যমান তথ্য থেকে জানা গেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল সাতটি, যেখানে গত ১০ দিনের গড় ছিল ১৮টি জাহাজ।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক উত্তেজনার কারণে ওই পথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি