
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন করা শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই নিজেদের ফলাফল এবং কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তা জানতে পারবেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
একাদশ শ্রেণির ভর্তি ফল দেখবেন যেভাবে
ভর্তি ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ধাপগুলো হলো—
প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
হোমপেজে থাকা ‘View Result’ অপশনে ক্লিক করুন।
এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর লিখুন।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।
পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিন।
স্ক্রিনে থাকা ক্যাপচা কোড নির্ধারিত ঘরে লিখুন।
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন।
এরপর স্ক্রিনে আপনার ভর্তি ফলাফল ও নির্বাচিত কলেজের নাম দেখা যাবে।
প্রায় ১০ লাখ শিক্ষার্থীর আবেদন
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। এরপর মাইগ্রেশনের ফল এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রমের মাধ্যমে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি