প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ AM

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এখনো নিখোঁজ থাকা যাত্রী ও ক্রুদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার পর নিখোঁজ যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ও আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার মধ্যে পড়েছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি বিপদের মুখে পড়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্য থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধারকারীরা সমুদ্রপথে তল্লাশির পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের সন্ধান করছেন।
ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ দ্বীপপুঞ্জের দেশ। দেশটিতে প্রায় ১৭ হাজার দ্বীপ থাকায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের জন্য বিপুলসংখ্যক মানুষ যাত্রীবাহী জাহাজ ও ফেরির ওপর নির্ভর করেন। ফলে দেশটিতে নৌপথে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনা মাঝেমধ্যেই ঘটে।
এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর আবারও জাহাজ দুর্ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির নৌযান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উদ্ধার হওয়া ১০২ জনকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তবে নিখোঁজদের সংখ্যা এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি