প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম

রাশিয়া-ইউক্রেনের দীর্ঘদিনের সংঘাতের অবসানে সরাসরি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শনিবার সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি।
জি-২০ সম্মেলনে পুতিন ও জেলেনস্কি দুজনকেই আমন্ত্রণ জানানো হলে তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি ইতিবাচক উত্তর দেন। তিনি বলেন, সেখানে যাওয়া, পরস্পরের সঙ্গে দেখা করা এবং আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।
জেলেনস্কি বলেন, কে কী বলেছে, সেটির চেয়ে শেষ পর্যন্ত সংঘাতের অবসান ঘটানোই বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধ বন্ধে কার্যকর সমাধানে পৌঁছাতে আলোচনার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্প্রতি সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ এবং মস্কো সফর করেন। এই সফরকে ইউক্রেনের জন্য একটি ‘ইতিবাচক সংকেত’ হিসেবে দেখছেন জেলেনস্কি।
তার মতে, দুই দেশে মার্কিন প্রতিনিধিদের সফর ইউক্রেনের জনগণের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন প্রায় এক ঘণ্টা ফোনে কথা বলেন। ক্রেমলিনের পক্ষ থেকে ওই আলোচনাকে অত্যন্ত গঠনমূলক হিসেবে বর্ণনা করা হয়েছে।
চলতি বছর জি-২০-এর সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে হিউস্টনে অনুষ্ঠেয় জি-২০-এর জ্বালানি বিষয়ক বৈঠকেও রুশ কর্মকর্তারা অংশ নেবেন বলে জানিয়েছে মস্কো। এর আগে সেপ্টেম্বরের শুরুতে নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত জি-২০ বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ