প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম

বয়স ৪১ ছুঁইছুঁই, তবু ফুটবলকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই লুকা মদরিচের। হতাশাজনক ক্লাব মৌসুম ও ২০২৬ বিশ্বকাপ থেকে ক্রোয়েশিয়ার বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়েছেন এই কিংবদন্তি মিডফিল্ডার।
আগামী সপ্তাহেই ৪১ বছরে পা দেবেন মদরিচ। এরই মধ্যে ২০২৬-২৭ মৌসুমে এসি মিলানের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন তিনি। এবার জাতীয় দলের হয়েও নতুন মৌসুমে মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।
শনিবার এক বিবৃতিতে ফেডারেশন জানায়, সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে ক্রোয়েশিয়ার দলে থাকবেন মদরিচ। পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে সোমবার। ফিট থাকলে আসন্ন নেশনস লিগের পুরো অভিযানেই জাতীয় দলের হয়ে খেলার সম্মতি দিয়েছেন তিনি।
মদরিচের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অবশ্য কয়েক মাস আগেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া। পর্তুগালের কাছে রাউন্ড অব ৩২-এ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই মদরিচের অবসর নিয়ে আলোচনা শুরু হয়।
ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপই হয়তো জাতীয় দলের জার্সিতে তার শেষ অধ্যায় হতে যাচ্ছে। তবে মদরিচ তখনও অবসরের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি।
২০২৬ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ গোলের জয়ের ম্যাচেও মাঠে ছিলেন তিনি। সেই ম্যাচের পরও বিদায়ের কোনো বার্তা না দেওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
স্বদেশ প্রতিদিন/এফএইচ