প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম

পর্যটনের জন্য জনপ্রিয় জাপানের ইয়াকুশিমা দ্বীপে টানা ভারী বৃষ্টির কারণে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
কাগশিমা অঞ্চলের ইয়াকুশিমায় ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, অঞ্চলটিতে এত তীব্র বৃষ্টিপাত আগে দেখা যায়নি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এরই মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতির আরও অবনতি বা আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করলে নিরাপদে সরে যাওয়ার পর্যাপ্ত সময় নাও পাওয়া যেতে পারে।
এদিকে অনেক বাসিন্দার জন্য দূরের আশ্রয়কেন্দ্রে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ ধরনের পরিস্থিতিতে পাহাড়ের ঢাল, খাড়া পথ ও পানিতে প্লাবিত ছড়া থেকে দূরে সরে কাছাকাছি কোনো শক্ত ও উঁচু ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া ও প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে দ্রুত নিরাপদ অবস্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ