সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন তথ্য জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অতিরিক্ত আবেদন এবং তথ্য যাচাইয়ের কারণে কিছু ক্ষেত্রে পাসপোর্ট পেতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে ই-পাসপোর্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ১১ হাজার আবেদনকারীর এনরোলমেন্ট করা হতো, সেখানে দূতাবাসের উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের জন্য বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে। পাশাপাশি ২১ হাজার ৬৭৮টি আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রমও চলমান রয়েছে।
দাম্মাম অঞ্চলেও চলছে বিশেষ কার্যক্রম। সেখানে নয় দিনব্যাপী একটি ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব কারণে বাড়তে পারে সময়
দূতাবাস বলছে, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী প্রক্রিয়ায় অনেক আবেদনকারীর তথ্যগত ভুল ধরা পড়ছে। এ ছাড়া জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে আবেদনের তথ্যের অসংগতি এবং একাধিক পাসপোর্ট-সংক্রান্ত জটিলতাও দেখা যাচ্ছে।
এসব ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন শেষে পাসপোর্টের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগতে পারে।
ধৈর্য ধরার আহ্বান
ই-পাসপোর্টের বিপুল চাহিদা এবং যাচাই প্রক্রিয়ার কারণে যেসব আবেদনকারীর পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে, তাঁদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের পাসপোর্ট সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকর করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ