প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ AM আপডেট: ২১.১১.২০২৫ ৮:৪৭ এএম

সংগৃহীত ছবি
ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩০তম জলবায়ু সম্মেলন কপ৩০ এর প্রধান ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে ছড়ানো ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে কমপক্ষে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকায় ব্লু জোন থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার সদস্যরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য একটি নতুন চুক্তির খসড়া তৈরিতে ব্যস্ত ছিলেন।
১৭ নভেম্বর শুরু হওয়া কপ৩০ সম্মেলনে ২০০টি দেশের হাজারো প্রতিনিধি অংশ নিয়েছেন। অগ্নিকাণ্ডের মুহূর্তে ভেন্যুতে ছিল পূর্ণমাত্রার কর্মযজ্ঞ।
সম্মেলন আয়োজক কমিটি এক বিবৃতিতে জানায়, দমকল বাহিনী ও জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, আগুনের ধোঁয়ায় অসুস্থ হওয়া ১৩ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলেম পুলিশ ও ফায়ার সার্ভিসের মতে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুন লাগার মুহূর্তে সম্মেলনে ‘মুতিরাও’ নামে একটি চুক্তির খসড়া তৈরি হচ্ছিল। চুক্তিটির মূল লক্ষ্য বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা। তবে অগ্নিকাণ্ডের কারণে খসড়া তৈরির কাজ আপাতত বন্ধ হয়ে গেছে।
সূত্র: রয়টার্স, এএফপি