
কুমিল্লার মেঘনা উপজেলার গুরুত্বপূর্ণ হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির মেঘনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতার হোসাইন আতিকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। এর মধ্যে কোনো উদ্যোগ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জনগণ কষ্টে থাকবে, আর উপজেলা প্রশাসনের টনক নড়বে না, এটা মেনে নেওয়া যায় না। জনগণই আপনাদের এই দপ্তরে বসিয়েছে তাদের সেবা করার জন্য। তাই সড়ক সংস্কারের কাজ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।”
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজটি উপ–ঠিকাদারদের কাছে হস্তান্তর করায় গতি কমে গেছে, আর ভোগান্তি বেড়েছে বহু গুণ।
উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই এক দিনের মধ্যে কাজ দৃশ্যমান দেখা যাবে।
মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক ডালিম মিয়া প্রধান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সাঈদুর রহমান (সাইদ), সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, ইসলামী ছাত্র আন্দোলন মেঘনা উপজেলা শাখার সভাপতি রেদোয়ান হোসেন (রিয়াদ), বাংলাদেশ মুজাহিদ কমিটি মেঘনা শাখার ছদর আমির হোসেন ও সেক্রেটারি ডা. মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ভুক্তভোগী স্থানীয় সাধারণ মানুষ।
উল্লেখ্য, হাইওয়ে সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরু হয় গত ১২ সেপ্টেম্বর। মোট সাড়ে ৯ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশ পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৩০৫ টাকা। মাস্টার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। কিন্তু প্রকল্পের অগ্রগতি এখনো মাত্র ৫৫ শতাংশে আটকে আছে। অথচ ২০২৬ সালের ১১ মার্চ প্রকল্প হস্তান্তরের সময়সীমা নির্ধারিত।
স্বদেশ প্রতিদিন/ এমএস