প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:০২ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসি ২০২৪ সালে অভূতপূর্ব আর্থিক লোকসানের মুখে পড়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২৪৮ টাকা ৯১ পয়সা। এতে মোট নিট লোকসানের পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৭৯৪ কোটি ৬ লাখ টাকা। ২০২৩ সালে ব্যাংকের লোকসান ছিল ২৯২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে প্রায় ২৫ হাজার ৫০১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৮৮ গুণ বেশি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ থেকে এসব তথ্য পাওয়া যায়।
এদিকে আর্থিক সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত শেয়ারে রূপান্তর করা হবে। নতুন ব্যাংকের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
স্বদেশ প্রতিদিন/কেআইকে