প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৩২ পিএম

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান জানান, চলতি বছরের গত ১০ মাসে গড়ে প্রতি মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে। এসব ঘটনার বেশিরভাগেরই রহস্য উদঘাটন করেছে পুলিশ।
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তার করা গেলে মূল কারণ ও পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”
পল্লবীতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়াকে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুরোনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়ারের দোকানে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক ও হেলমেট পরা তিনজন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় কিবরিয়া দোকানের চেয়ার ধরে আড়াল নেওয়ার চেষ্টা করলেও মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হামলাকারীরা পালিয়ে যায়। দোকানে অন্যরা উপস্থিত থাকলেও আতঙ্কে কেউ প্রতিরোধ করতে পারেননি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে