প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:১৫ পিএম

সংগৃহীত ছবি
আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিলেট ওসমানী বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে।
পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয় বিষয়ে তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা হবে তা নিশ্চিত করা হবে। আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা বলা হলেও এখন এই সংখ্যা কমানো হবে। পাশাপাশি আনসারে ১৭ হাজার শটগান যোগ করা হবে, যা খুবই স্বল্প মূল্যে কেনা হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক কাজে তারা মোটামুটি সন্তুষ্ট।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ