| শিরোনাম: |

শরীয়তপুরের ডামুড্যায় এক ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিমা ডামুড্যা উপজেলার দাইমিচর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী এবং ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা তার ছেলে আয়মানের (৮) আকিকা অনুষ্ঠানের জন্য ঢাকার বাড়ি থেকে গ্রামের বাড়িতে আসেন। সকালে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশায় ছেলেকে নিয়ে যাত্রা করছিলেন। কুতুবপুর এলাকায় পৌঁছালে তার গলার সঙ্গে থাকা ওড়না অটোরিকশার পেছনের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায় এবং দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। ছেলে আয়মান নিরাপদে রয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা জানান, সকালেই তিনি দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন অটোরিকশার মধ্যে নারীর দেহ এবং পাশে রাস্তার উপর মাথা পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে ডামুড্যা থানায় খবর দেন।
নিহতের স্বামী আসাদ হাওলাদার কাঁদতে কাঁদতে বলেন, “ছেলের আকিকার জন্য স্ত্রী ঢাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি এসেছে। সকালে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।”
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ