প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৩:৫৩ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ–পাঁচদোনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের সমর্থনে ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
মোটরসাইকেলের বর্ণাঢ্য বহরটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তারা আসন্ন নির্বাচনে তাদের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালাবেন।
শোভাযাত্রার আগে বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি ও দলীয় প্রার্থী মাওলানা আমজাদ হোসেন, সহকারী জেনারেল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম সিকদার, উপজেলা সেক্রেটারি জেনারেল মাসুদ করিম এবং জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট লোকমান হোসেন।
উল্লেখ্য, নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী হলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে