
নওগাঁর বদলগাছীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জগপাড়া সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।
ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাকে যে ভালোবাসা দিলেন, আমি আমৃত্যু সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডে, নওগাঁ জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ কুমার কুন্ডু, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মিঠাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাতন ধর্মাবলম্বীর জগপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান বিশ্বনাথ মন্ডল, সাবেক ইউপি সদস্য ভূপেন্দ্রনাথ মণ্ডল, সাধন চন্দ্র সরকার,অমিত কুমার, শরন কুমার, সুবল চন্দ্র প্রামাণিক, দিপক সরকার, উজ্জ্বল কুমার উৎপল, অম্লদা, দিলিপ সরকার, নিরাঞ্জন সরকারসহ আরো অনেকে।
তারা বলেন, আমরা যারা সনাতনী অনেক দিন বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পাইনি। এছাড়া ফজলে হুদা বাবুল আমাদের পরিচিত ও এলাকার সন্তান। তিনি আগে থেকেই আমাদের খোঁজ খবর রাখতেন। তাই এবার ফজলে হুদা বাবুল ভাইকে ভোট দিয়ে তাকে এমপি হিসেবে নির্বাচিত করবো। এসময় তারা ফজলে হুদা বাবুলের কাছে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি করেন।
উল্লেখ, গত ৬ নভেম্বর বদলগাছী উপজেলার শুরকালি মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছিল।
স্বদেশ প্রতিদিন/ এমএস