প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ AM

সংগৃহীত ছবি
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা দিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিতভাবে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেবে। এরই মধ্যে সিরিয়া থেকে ইরানের রেভ্যুলেশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্কের অগ্রগতির কথাও উল্লেখ করেছেন।
প্রায় আট দশক পর ওয়াশিংটনে সফর করা সিরীয় কোনো প্রেসিডেন্ট হিসেবে আল-শারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারে তিনি জানান, সিরিয়া আইএস, ইরান, হামাস ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে আল-শারা জানিয়েছেন, সিরিয়া ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত চুক্তির জন্য ইসরাইলকে দখলকৃত এলাকা ছাড়তে হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও কিছু আন্তর্জাতিক শক্তি দামেস্ককে সমর্থন করছে।
এছাড়া সিরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চাওয়ার পাশাপাশি মস্কোতে অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।