প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৫৩ AM

টানা পাঁচ ম্যাচে হারার পর গত সপ্তাহে অ্যাস্টন ভিলাকে পরাজিত করে জয়ের মুখ দেখেছিল লিভারপুল। তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ টিকল না।
রোববার (৯ নভেম্বর) প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলের বড় হারে মাঠ ছাড়ে স্লটের শিষ্যরা। অন্যদিকে, নিজের কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন সিটি বস পেপ গার্দিওলা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। বিপরীতে, পরাজয়ের ফলে টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিক সিটি। ১৩তম মিনিটে লিভারপুল গোলরক্ষকের ভুলে পেনাল্টি পায় তারা। তবে আর্লিং হলান্ডের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক মামারদাশভিলি। তবু গোল পেতে বেশি সময় নেননি নরওয়ের এই তারকা। ২৯তম মিনিটে পেদ্রো নুনেসের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হলান্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিকো গঞ্জালেজের চমৎকার এক শটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে লিভারপুল। সালাহ, গাকপো ও দিয়াস সুযোগ তৈরি করলেও সিটির দৃঢ় রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন তারা।
৬৩ মিনিটে বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকুর দূরপাল্লার শটে তৃতীয় গোল হজম করে লিভারপুল। বাকি সময়ে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি অল রেডরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
স্বদেশ প্রতিদিন/কেআইকে