প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আবারও আলোচনায় তবে এবার সিনেমা নয়, মাত্র ২০ মিনিটের উপস্থিতির জন্য নেওয়া পারিশ্রমিকের অঙ্ক নিয়েই সরব নেটদুনিয়া।
গতকাল রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শাকিব খান। আয়োজনে তাঁর অল্প সময়ের উপস্থিতিই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
গুঞ্জন অনুযায়ী, শাকিব খান ওই ইভেন্টে মাত্র ২০ মিনিট উপস্থিত থেকে নিয়েছেন ৩৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি মিনিটে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা!
বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লেখেন, “বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছেন ২০ মিনিট, পেমেন্ট নিয়েছেন ৩৫ লাখ। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোট করা! কিন্তু কোথাও সেই ব্র্যান্ডের নাম বা ট্যাগ নেই, সবাই কেবল তার গোঁফ আর নতুন লুক নিয়েই আলোচনা করছে।”
তবে শাকিব খানের পক্ষ থেকে এই পারিশ্রমিকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আজ দুপুরে নিজের ফেসবুকে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন শাকিব খান, তবে পারিশ্রমিক বা চুক্তি সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানাননি।
এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ এটিকে “স্টারডমের বাস্তব মূল্য” বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন ব্র্যান্ড প্রোমোশনের পেশাদারিত্ব নিয়ে।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন পরিচালক সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ চলচ্চিত্রের কাজ নিয়ে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে