প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ AM আপডেট: ০৮.১১.২০২৫ ২:২৬ PM

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে, ফলে গরমের অনুভূতি কিছুটা কমে আসবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আবহাওয়া শুষ্ক থাকবে এবং উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।