
সংগৃহীত ছবি
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খৈয়ম বলেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভালো নেই। যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে, দেশ শান্ত হবে না। আমি আশা করি, বিভিন্ন মহলের ষড়যন্ত্র উপেক্ষা করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন না হলে দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ কারও হাতে থাকবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে নানা ষড়যন্ত্র চলছে। এই সংকটময় সময়ে দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমাদের নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সেটি না হলে রাজনীতির জটিল পরিস্থিতিও কাটবে না।”
পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারত কখনোই চায় না বাংলাদেশ সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারায় চলুক। স্বাধীনতার পর থেকেই তারা এ দেশকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং সেই লক্ষ্যেই আওয়ামী লীগকে বেছে নিয়েছে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে।”
খৈয়ম আরও বলেন, “৫ আগস্টের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পুনর্গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। যারা দূরে আছেন, তাদের বলছি, আর নয় দূরে থাকা, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।”
তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব সংঘটিত হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। জাতীয়তাবাদী শক্তিকে সেই চেতনায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আব্দুল বারী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়াসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।