প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৪৪ AM

সংগৃহীত ছবি
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলের সময় যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। তিনি জানান, মঞ্জুরুল ইসলাম অশালীন প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকে বঞ্চিত হন। প্রয়াত তৌহিদ মাহমুদও একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন।
বিসিবি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বোর্ড জানায়, সব খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করা তাদের অঙ্গীকার। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।