প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সড়কের করুণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
ফখরুল ইসলাম বলেন, “নোয়াখালী-৫ আসনের সড়কের এই অবস্থা দেখে জানতে চাই, ওবায়দুল কাদের ১৭ বছর ক্ষমতায় থেকেও কি করেছেন?”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিএনপির গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রার্থী ফখরুল ইসলাম আরও বলেন, “আমরা অনেকেই এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। আজ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা সবাই এক হয়ে গেলাম।”
উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করার পর এটি ফখরুল ইসলামের নোয়াখালী-৫ আসনে প্রথম আগমন। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষুদ্র মিছিল আসতে থাকে এবং বসুরহাট জিরো পয়েন্টে সমবেত হয়।
গণজমায়েতের সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল এবং সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে