প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৫১ AM

সংগৃহীত ছবি
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি মামদানিকে সহায়তা করতে প্রস্তুত, তবে সফল হতে হলে মামদানিকে ওয়াশিংটনের প্রতি ‘শ্রদ্ধাশীল’ হতে হবে।
গত ৪ নভেম্বর নির্বাচনে ৩৪ বছর বয়সি মামদানি ইতিহাস গড়েছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির অভিজাতদের প্রতিকূলতা অতিক্রম করে প্রথম মুসলিম হিসেবে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থন তাকে জয় এনে দিয়েছে।
নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে মামদানির ট্রানজিশন টিম গঠন করা হয়েছে। তিনি জানিয়েছেন, শহরের জন্য প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। ট্রাম্প অবশ্য নিউইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করার হুমকি দিয়েছেন এবং সেনা পাঠানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প বলেন, “তাকে ওয়াশিংটনের প্রতি কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে, তা না হলে সফল হওয়ার সম্ভাবনা নেই।” তবে তিনি যোগ করেছেন, তিনি চাচ্ছেন শহরটি সফল হোক এবং সেই উদ্দেশ্যেই মামদানিকে কিছুটা সাহায্য করতে পারেন।
ফ্লোরিডার মিয়ামিতে ট্রাম্প নতুন মেয়রকে ‘কমিউনিস্ট’ উল্লেখ করে তীর্যক মন্তব্যও করেছেন এবং বলেছেন, “দেখতে হবে একজন কমিউনিস্ট কীভাবে কাজ করে, আমরা তাকে সাহায্য করব, যাতে নিউইয়র্ক সফল হয়।”