
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার কয়েকটি কারণ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেক দিক আছে, যেখানে তিনি সরাসরি কাজ করতে আগ্রহী।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে স্নিগ্ধ জানান, জুলাইয়ের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে তরুণ জোয়ার উঠেছে, তার একজন প্রতিনিধি হিসেবে তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টায় অংশ নিতে রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্নিগ্ধ বলেন, তিনি বা তার ভাইদের কেউই আগে রাজনীতিতে যুক্ত ছিলেন না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের জন্য জীবন দিয়েছেন, তাই তিনি মনে করেন, শহীদরা কোনো রাজনৈতিক দলের নয়, তারা দেশের সম্পদ।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং নিজ যোগ্যতায় এগোতে চান। অরাজনৈতিক প্লাটফর্ম থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার পর এখন সময় এসেছে রাজনৈতিকভাবে তার প্রতিনিধিত্ব করার।
রাজনীতিতে আসার প্রধান কারণগুলো তিনি তুলে ধরেন, জুলাই শহীদ, আহত যোদ্ধা ও শহীদ পরিবার এবং জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা; তরুণদের রাজনীতিতে প্রতিনিধিত্ব দেওয়া; এবং জুলাইপন্থি অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা।
স্নিগ্ধ বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে কাজ করার আগ্রহই তার যোগদানের অন্যতম কারণ।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকবে এবং দলের তরুণদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারবেন।
সবশেষে তিনি উল্লেখ করেন, তিনি সব দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং যদি কোনো অভিযোগ থাকে, তা প্রমাণসহ গঠনমূলকভাবে উপস্থাপিত করার অনুরোধ জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বিএনপিতে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন; ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।