প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:০৪ AM

সংগৃহীত ছবি
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করেছে জাতিসংঘ। অন্তত ৪৪ হাজার টিকাবঞ্চিত শিশুকে টিকার আওতায় আনার লক্ষ জাতিসংঘের।
বুধবার (৫ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র ফারহান হক এ তথ্য জানান।
তিনি বলেন, “যুদ্ধের কারণে গত দুই বছর গাজায় নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। ফলে হাজারো শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। এখন আমরা সেই শিশুগুলোকে সুরক্ষার আওতায় আনতে চাই।”
এই কর্মসূচি পরিচালনা করছে ইউনিসেফ, আনরোয়া ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রমে ডিপথেরিয়া, যক্ষা, হেপাটাইটিস বি, পোলিও, নিউমোনিয়া, হাম, মাম্পস ও রুবেলার টিকা দেওয়া হবে শিশুদের।
গাজার ১৫০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১০টি মোবাইল ক্লিনিকের মাধ্যমে প্রশিক্ষিত চিকিৎসক ও ৪৫০ জনের বেশি স্বাস্থ্যকর্মী অংশ নিচ্ছেন এ উদ্যোগে।
ফারহান হক জানান, টিকা, সিরিঞ্জ এবং প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে গাজায় পৌঁছে গেছে।