প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ AM

সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্রগুলোর সংস্কার ও মেরামতের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার (৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ওই তালিকায় অন্তর্ভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল নেই, দরজা-জানালা নষ্ট, কিংবা ক্ষুদ্র মেরামত প্রয়োজন, সেসব স্থাপনার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ ভোটকেন্দ্রগুলোর তালিকা আগামী ১২ নভেম্বরের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ইসির নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। তালিকার হার্ড কপি এবং নিকস ফন্টে সফট কপি জমা দিতে হবে।
ইসি জানিয়েছে, এটি নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ, যা ভোটারদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।