| শিরোনাম: |

ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ঘাজালা হাশমি বিজয়ী হয়েছেন। তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে রিপাবলিকান জন রিডকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। হাশমি রাজ্যের ১৫তম সিনেট জেলায় ভার্জিনিয়া সিনেটে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন।
লেফটেন্যান্ট গভর্নর পদে হাশমির জয়ের পর শিগগিরই ওই সিনেট আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে রাজনীতিতে যোগদানের পর তিনি রিপাবলিকানদের দখলে থাকা আসন পুনরুদ্ধার করে আইনসভার সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে তিনি সিনেটের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক কমিটির সভাপতির দায়িত্ব পান, যেখানে প্রজনন অধিকার ও গণশিক্ষা কার্যক্রমসহ ডেমোক্র্যাটদের অগ্রাধিকারমূলক ইস্যুগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হাশমি তার ওয়েবসাইটে উল্লেখ করেছেন, তিনি জনগণের জীবনমান উন্নয়নে নিবেদিত। আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশগত ন্যায়বিচারসহ বিভিন্ন বৈষম্যসংক্রান্ত ইস্যুতে তিনি কাজ করে আসছেন।
ঘাজালা হাশমি ১৯৬৪ সালে ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা জিয়া হাশমি ও তানভীর হাশমি। মাত্র চার বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং জর্জিয়ায় বাবার সঙ্গে যুক্ত হন। তার পিতার শিক্ষা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি, পরে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি অর্জন করেন।
হাশমি শিক্ষকতার ক্ষেত্রে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব রিচমন্ডে ও রেইনল্ডস কমিউনিটি কলেজে অধ্যাপনা করেছেন। রেইনল্ডস কলেজে তিনি “সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং” প্রতিষ্ঠা করেন এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে স্বামী আজহার রফিকের সঙ্গে রিচমন্ডে বসবাস শুরু করেন। তাদের দুই কন্যা, ইয়াসমিন ও নূর, চেস্টারফিল্ড কাউন্টি পাবলিক স্কুল এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। হাশমির শিক্ষা ও রাজনীতিতে পথচলা আজকের সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ