| শিরোনাম: |

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে একসঙ্গে ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরে ৪৮টি দল অংশ নেবে, যার মধ্যে ইতোমধ্যে ২৮টি দেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার (৫ নভেম্বর) অ্যাডিডাস বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের হোম কিট উন্মোচন করে। এসব জার্সিতে দলগুলোর ঐতিহ্য, নান্দনিকতা ও আধুনিক ডিজাইনের মিশ্রণ ঘটানো হয়েছে। আর্জেন্টিনার আকাশি-সাদা ডোরাকাটা জার্সি থেকে শুরু করে জার্মানির জ্যামিতিক নকশা ও জাপানের সূর্যোদয়ের ছোঁয়া— প্রতিটি জার্সিতেই ফুটে উঠেছে স্ব স্ব দেশের সংস্কৃতি ও পরিচয়।
অ্যাডিডাস জানিয়েছে, জার্সিগুলো শুধু নকশার দিক থেকে নয়, প্রযুক্তিগতভাবেও উন্নত। এতে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের ক্লাইমাকুল+ ফ্যাব্রিক, যা খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচল নিশ্চিত করে শীতল রাখবে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে। ভিন্ন ভিন্ন আবহাওয়া মাথায় রেখে প্রতিটি জার্সি তৈরি করা হয়েছে।
প্রতিটি জার্সিতে যুক্ত করা হয়েছে সূক্ষ্ম নকশা ও লুকানো বার্তা, যা মাঠের বাইরেও জাতীয় দলের ইতিহাস ও গর্বকে তুলে ধরে। অ্যাডিডাসের ফুটবল বিভাগের জেনারেল ম্যানেজার স্যাম হ্যান্ডি বলেন, “জাতীয় দলের জার্সি একতা ও গর্বের প্রতীক। এই ডিজাইনগুলো প্রতিটি দেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের এক সুতোয় বেঁধেছে।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। বাছাইপর্ব শেষে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। এরই মধ্যে উন্মোচিত ২২ দেশের জার্সি অ্যাডিডাসের ওয়েবসাইটে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে ৬ নভেম্বর থেকে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ