| শিরোনাম: |

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘আমজনতার দল’ যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে জায়গা না পায়, তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন।
তারেক রহমান বলেন, “ইসির কর্মকর্তারা আমাদের দলীয় কার্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমরা বসার জন্য টুল দিয়েছিলাম, কিন্তু তা তাদের পছন্দ হয়নি। আমাদের টিনের বেড়ার ঘরও ভালো লাগেনি তাদের। তারা পাকা ঘর দেখতে চেয়েছিলেন। আমরা নতুন দল—শুরু করেছি একেবারে নিচ থেকে। তারপরও আমাদের যেভাবে চেপে ধরা হচ্ছে, সেটা অন্যায় ও অমানবিক।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা ইসির প্রায় সব শর্তই পূরণ করেছি, তবু তারা বলছে আমাদের চেনে না। অথচ দেশের মানুষ আমাদের চেনে, কারণ আমরা সত্য কথা বলি। ওপর থেকে নির্দেশ এসেছে—আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না। কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে এই দেশ রোবটের দেশে পরিণত হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জানি হয়তো খুব বেশি ভোট পাব না, হয়তো জিতবও না। তবু সামান্য সমর্থন নিয়েই মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই।”
অন্য দলে যোগ দেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা অন্য কোনো দলে যাব না, নিজের দলেই থাকব। আমরা ‘ঢেঁকি মার্কা’ চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ