প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এর মাধ্যমে পঞ্চমবারের মতো একই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়ে তিনি গড়লেন এক অনন্য রেকর্ড।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার কুমিল্লা-৪ আসনটি বিএনপির দখলে ছিল। ওই সময়ই এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ১৯৯১ সালের নির্বাচনে ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে পরাজিত করে প্রথমবার এমপি নির্বাচিত হন তিনি। এরপর ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেবিদ্বারকে বিএনপির অন্যতম ঘাঁটিতে পরিণত করেন।
২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার সময় (১/১১-এর সরকার পরবর্তী সময়ে) একাধিক মামলায় গ্রেপ্তার ও কারাবরণ করতে হয় এই বর্ষীয়ান নেতাকে। ২০০৮ সালের নির্বাচনে মামলার জটিলতার কারণে তিনি অংশ নিতে পারেননি; তার পরিবর্তে স্ত্রী বেগম মাজেদা আহসান মুন্সী ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
পঞ্চমবারের মতো মনোনয়ন পাওয়ার খবরে দেবিদ্বারের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। দেবিদ্বারের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বিভেদের রাজনীতি নয়, দল ও এলাকার প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে