প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৪:৩২ PM

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের হায়দরাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাঙ্গারেড্ডি জেলার একটি সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, এতে অনেক যাত্রী ভেতরে আটকা পড়ে।
চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ও সাধারণ মানুষ মিলে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
নিহতদের মধ্যে একটি ১০ মাস বয়সী শিশু ও ১০ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে গত শনিবার রাজস্থানের ফালৌদি জেলায় একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও তিনজন আহত হন। ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
স্বদেশ প্রতিদিন/ আরএফ