প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:১৮ AM

সংগৃহীত ছবি
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় এমআরটি লাইন–১ নির্মাণকাজের অংশ হিসেবে পরিষেবা লাইন স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। এ কারণে ওই এলাকায় সাময়িক যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৯ অক্টোবর) এমআরটি লাইন–১ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল হিসেবে এমআরটি লাইন–১ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। রাজধানী ঢাকায় যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে হাতে নেওয়া এই প্রকল্পের আওতায় উত্তর বাড্ডা ও বাড্ডা স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু করা হচ্ছে।
এ সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে সাময়িক যানজট সৃষ্টি হতে পারে। তাই যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার আহ্বান জানানো হয়।
সরকারি উন্নয়ন কাজের স্বার্থে জনগণের সহযোগিতা কামনা করেছে ডিএমটিসিএল এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।