বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে রোববার যমুনার পথে লং মার্চে নামবেন ইবতেদায়ী শিক্ষকরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:২৩ পিএম

সংগৃহীত ছবি
দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। তারা জানিয়েছেন, বিকেল ৫টার মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে আগামী রোববার প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ১৮তম দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবি পূরণ না হলে বন্ধ থাকবে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ সকল কার্যক্রম বলে জানান তারা।
সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে শুরু করেন শিক্ষকরা। এদিন টানা ১৮তম দিনে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন তারা।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারন করে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।
আন্দোলনের এতো দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ হতে দাবি পূরণে কোনো আশ্বাস দেয়া হয়নি বলেও জানান তারা।
উল্লেখ্য, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। গত ২৮ জানুয়ারি সরকার এসব মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়ার পর থেকেই তারা লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছে।
কর্মসূচিতে উপস্থিত আছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ