প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:৩৮ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেতা রানা দাগ্গুবতি ও তার স্ত্রী মিহীকা বাজাজের সংসারে নতুন অতিথি আসছে। এটি দম্পতির প্রথম সন্তান। দক্ষিণ ভারতের গণমাধ্যম গ্রেটঅন্ধ্র প্রতিবেদনে এই সুখবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রানা দাগ্গুবতির পরিবারে এখন উৎসবের আমেজ। অন্তঃসত্ত্বা মিহীকার খবরে আনন্দে মেতেছেন প্রযোজক সুরেশ বাবু, যিনি রানার বাবা এবং প্রয়াত প্রযোজক ও সংসদ সদস্য ডি. রমনাইডুর পুত্র। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, সকলেই এই নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে ২০২২ সালে মিহীকার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, তবে রানা ও মিহীকা তখন তা স্বীকার করেননি। এ বারও আনুষ্ঠানিক মন্তব্য না থাকলেও পরিবারের কাছের মানুষদের আনন্দ ভাগ করে নেওয়ায় খবরটি নিশ্চিত মনে করা হচ্ছে।
রানা দাগ্গুবতি ২০২০ সালের ১২ মে মিহীকার সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যে রোকা ও বাগদান সম্পন্ন হয় এবং ২০২০ সালের ৮ আগস্ট হায়দরাবাদে সীমিত পরিসরে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
মিহীকা বাজাজ পেশায় ইভেন্ট প্ল্যানার এবং ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ ভারতের সুপরিচিত জুয়েলারি ডিজাইনার।
রানা দাগ্গুবতি এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি’ সিরিজে ‘বল্লালদেব’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য ঘাজি অ্যাটাক’, ‘নেনে রাজু নেনে মন্ত্রি’ ও ‘হায়দরাবাদ ব্লুজ’।