প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৫৯ AM

সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা কাজের দাবিকে ঘিরে যখন বিতর্ক চলছে, তখন সেই দাবির প্রতি সমর্থন জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, মাতৃত্বের অভিজ্ঞতা থেকে তিনি দীপিকার অবস্থানকে সম্পূর্ণ ন্যায্য মনে করেন। তার ভাষায়, “দীপিকা যখন মা হয়েছেন, নতুন মা হিসেবে ৮ ঘণ্টা কাজের সীমা চাওয়া কোনো অন্যায় নয়। এটা একদমই যৌক্তিক।”
তবে কোয়েল একইসঙ্গে প্রযোজনা সংস্থার দৃষ্টিকোণও তুলে ধরেন। তিনি বলেন, “যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, বিশাল সেট তৈরি করা হয়, তখন প্রতিদিনের সঙ্গে সঙ্গে প্রতি ঘণ্টারও খরচ থাকে। তাই এসব ক্ষেত্রে বোঝাপড়ার বিষয়টি পারস্পরিকভাবে নির্ধারিত হওয়া উচিত।”
দুই সন্তানের মা কোয়েল চলতি বছর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি বলেন, মা হিসেবে দায়িত্ব পালন ও পেশাগত জীবন; দুটোই সমানভাবে সামলানো সম্ভব, তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সহানুভূতিশীল কর্মপরিবেশ।