
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী মন্তব্য করেছেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার উন্নয়নে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো টেকসই গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে ওঠেনি। রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহি ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সুশাসন, অর্থনীতি ও ক্ষমতার ভারসাম্যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মাসুদ সাঈদী বলেন, টেকসই সংস্কারের জন্য গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সংস্কার কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া, যা সরকারকেই করতে হবে।
জামায়াতের এই নেতা আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহি অতি গুরুত্বপূর্ণ। জবাবদিহি দায়িত্বশীলতা বৃদ্ধি করে, দুর্নীতি রোধ করে, স্বৈরাচারকে প্রতিহত করে।
যেহেতু প্রশাসনের দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব ও আইন বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ করতে জবাবদিহি ও স্বচ্ছতা প্রয়োজন, তাই এগুলো ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আর জবাবদিহি ও সুশাসন পরকালে বিশ্বাসী লোক ছাড়া বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন মাসুদ সাঈদী।
মতবিনিময়সভায় মাসুদ সাঈদী বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধে এবার সারা দেশে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। মনে রাখতে হবে, সুযোগ বারবার আসে না। এবার দেশের জনগণ আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে ইসলামপন্থীদেরকে সরকার গঠনের জন্য বেশি বেশি করে সংসদে পাঠাতে হবে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, মতবিনিময়সভায় আরও বক্তব্য দেন, নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, দেউলবারি ইউনিয়ন আমির জাহাঙ্গীর হোসেন, সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিস মল্লিক, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, নাজিরপুর বাজার সমিতির সভাপতি আল আমিন খান, নাজিরপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হক, দেউলবারি ইউনিয়নের সাবেক আমির মো. এনামুল হক, শ্রীরামকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মশিউর রহমানসহ শাখারীকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ এমএস