প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে ভোলা প্রেসক্লাবে। চলমান সংকট নিরসন এবং একটি সর্বজনগ্রাহ্য নির্বাচন এর মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আজকের ভোলার সম্পাদক আলহাজ্ মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে বিশেষ বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সর্বসম্মতভাবে এডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেতকে আহ্বায়ক করে এম এ বারি, নেয়ামত উল্লাহ, শিমুল চৌধুরী ও কামরুল হাসান মুকুলকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে সাবেক দুটি নির্বাচন কমিশনের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন, নতুন করে সিডিউল ঘোষণাসহ নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও নতুন সদস্যদের এবং আরো যারা সদস্য হতে চায় তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যবস্থা চূড়ান্ত করবে এই কমিটি।
নবনির্বাচিত আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত তার দায়িত্ব পালনের ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
সভাপতির ভাষণে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন উপস্থিত সদস্যদেরকে স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/রাফি