প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম

গত ৩০ জুন সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল–প্রাণ)-এর নিট মুনাফা কমেছে ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। তবে মুনাফা কমলেও বিনিয়োগকারীদের জন্য আগের বছরের ধারাবাহিকতায় ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এএমসিএল প্রাণের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ৪ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ বছরে কোম্পানির মুনাফা কমেছে ৪১ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ১ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৫১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য প্রস্তাব অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল মাধ্যমে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
স্বদেশ প্রতিদিন/কেআইকে