প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:২৪ AM

চিত্রনায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হককে কেন্দ্র করে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন বর্ষীয়ান পরিচালক ছটকু আহমেদ। কিন্তু সালমানের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে শেষ পর্যন্ত সেই কাজ আর শুরু করতে পারেননি তিনি।
পরিচালক জানান, অনেকদিন ধরেই তিনি ‘স্বপ্নের রাজকুমার’ নামের একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছিলেন, যা সালমান ও সামিরার প্রেমের গল্প অবলম্বনে নির্মিত হওয়ার কথা ছিল।
ছটকু আহমেদ বলেন, “আমি সামিরার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি সিনেমাটিতে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী ফোন করে স্পষ্টভাবে জানিয়ে দেন, সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না। তিনি আরও বলেন, এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নিয়েছেন। তাই তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমার কাজ বন্ধ রেখেছি।”
সালমান ও সামিরার প্রেমের শুরু চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালের ১২ জুলাই। দুই বছরের প্রেমের পর তারা ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও জনমনে সামিরার প্রতি নেতিবাচক ধারণা ছিল, তবুও সালমান শাহ তাকে গভীরভাবে ভালোবাসতেন বলে জানান তাদের ঘনিষ্ঠরা।
ছটকু আহমেদ বলেন, “সালমান শাহর জন্মদিন ঘিরে গল্পটির কথা আবার মনে পড়ে। সালমান ও পরিচালক সোহানুর রহমান সোহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নীলা চৌধুরীর আপত্তি থাকায় আর এগোতে পারিনি।”
১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হয় সালমান শাহর। সে সময় তার স্ত্রী সামিরা দাবি করেন, এটি আত্মহত্যা। তবে সালমানের পরিবার শুরু থেকেই বলে আসছে, এটি একটি পরিকল্পিত হত্যা।
ঘটনার প্রায় ২৯ বছর পর, গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যু নিয়ে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে