আ. লীগের সমর্থনে মিছিলে অংশগ্রহণ, ঢাবির আলোচিত সেই কর্মকর্তা ওএসডি

আওয়ামী লীগের সমর্থনে মিছিলে অংশগ্রহণের অভিযোগে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ।
তিনি জানান, “আগে থেকেই শিক্ষার্থীদের দাবির পাশাপাশি আজ ডাকসু নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি তার কাছে পৌঁছে গেছে।”
২০২৪ সালের ৩ আগস্ট ঢাবির রেজিস্ট্রার ভবনের ভেতরে আওয়ামী লীগের সমর্থনে একটি মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের ৩৫ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী। পরদিনই (৪ আগস্ট) দেশে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ঘটে যায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান।
সে সময়ের বহুল আলোচিত ওই মিছিলে সামনের সারিতে ছিলেন তৎকালীন ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিন। অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পদত্যাগ করলেও রুহুল আমিন তখনও বহাল ছিলেন পদে।
বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পিএস (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, রুহুল আমিন ঢাবি পেশাজীবী লীগের বর্তমান সভাপতি।
রোববার দুপুরে ডাকসুর ফান্ড সংক্রান্ত আলোচনায় কোষাধ্যক্ষের অফিসে গেলে ডাকসু নেতারা রুহুল আমিনের বিষয়টি তোলেন।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। সেই জায়গা থেকে যারা স্বৈরাচার সরকারের পক্ষে মিছিল করেছে, তারা কীভাবে এখনো দায়িত্বে থাকতে পারে? যাদের হাতে ছাত্র-জনতার রক্ত লেগে আছে, তাদের আইনের আওতায় আনা উচিত।”
নেতাদের এমন দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে এবং রুহুল আমিনকে ওএসডি করার সিদ্ধান্ত নেয়।
এদিকে, ডাকসুর ফান্ড ও বাজেট সংক্রান্ত বিষয়ে সোমবার ভারপ্রাপ্ত উপাচার্য, ট্রেজারার, অর্থ পরিচালক, ডাকসু ভিপি, জিএস ও এজিএস-এর সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ডাকসুর বাজেট ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে