প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ AM

ফাইল ছবি
গুরুত্বপূর্ণ ও বিরল খনিজের সরবরাহে চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র এবার অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছে।
সোমবার হোয়াইট হাউসে আয়োজিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। খবর রয়টার্সের।
চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসে উভয় দেশ প্রতিটি দেশ একশ কোটি ডলার বিনিয়োগ করবে খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত প্রকল্পে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজের জন্য ন্যূনতম মূল্য নির্ধারণেও দুই নেতা সম্মতি দেন।
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ বলতে সাধারণত লিথিয়াম, নিকেলসহ এমন উপাদান বোঝানো হয়, যা বৈদ্যুতিক গাড়ি, উড়োজাহাজের ইঞ্জিন ও সামরিক রাডার তৈরিতে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, চীনের মজুত সবচেয়ে বড়, তবে অস্ট্রেলিয়াও উল্লেখযোগ্য মজুত রাখে।
ট্রাম্প ও আলবানিজ একসঙ্গে প্রায় ৮৫০ কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পে স্বাক্ষর করেন। হোয়াইট হাউস জানায়, প্রায় ৫,৩০০ কোটি ডলারের খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলে প্রকল্পের কাজ শুরু হবে। তবে চুক্তিতে নির্দিষ্ট খনিজ বা প্রকল্প এলাকার নাম উল্লেখ করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/শাহো