প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:১৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীকে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল থানা জামে মসজিদ কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজ শেষে মসজিদের ভেতরে মুয়াজ্জিন আব্দুল লতিফের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন জয়নাল চৌধুরী। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি, ইমাম সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিতর্কের জেরে মঙ্গলবার জোহরের নামাজের পর মসজিদের মুসল্লিদের সামনে প্রকাশ্যে ক্ষমা চান জয়নাল চৌধুরী। তবে ঘটনার নিন্দা জানিয়ে মসজিদ কমিটি জানায়, এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।
পরে জরুরি বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে জয়নাল চৌধুরীকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপদেষ্টা মো. ইয়াকুব আলী ও নুরে আলম সিদ্দিকী, খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীসহ কমিটির অন্যান্য সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ