আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে। চাউল ডালের ন্যায্য মূল্য নির্ধারণ না করতে পারার কারণে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশা চালকে পরিণত করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।।
তিনি বলেন, “আপনাদের ভাগ্য বদলাতে পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে। এটা আপনাদের চয়েস আপনারা অধিকার ফিরিয়ে পেতে চান, নাকি দাসত্বের জীবন চান, নাকি জিন্দাবাদের রাজনীতি চান। আপনারা যদি আবারও গুণ্ডাদের নির্বাচিত করেন, তাহলে সারাজীবন ভুগতে হবে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল।
ফুয়াদ আরও বলেন, “বাংলাদেশের পতাকার প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই লড়াই, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে আনবো। এবি পার্টির ছায়াতলে এসে নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতি করতে হবে। ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি গড়ে তুলতে হবে। কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার, জনগণের প্রতিনিধি।”
পরে বিকেলে পথসভা করতে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজারের উদ্দেশে রওনা হন ব্যারিস্টার ফুয়াদসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএস