প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম

সংগৃহীত ছবি
শেখ হাসিনা সরকারের পরবর্তী ভারতের সঙ্গে চুক্তি বাতিলের বিষয় সম্পর্কে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে। তিনি বলেন, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে ট্যাগ বোট চুক্তিটি বাতিল করা হয়েছে, কারণ এটি বাংলাদেশের জন্য বিশেষ লাভজনক নয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা বলেন, ভারত সঙ্গে যে অনেক চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে, তার বেশিরভাগই বাস্তবে নেই। একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশিত তালিকা সঠিক নয়। কিছু চুক্তি পুরোনো বা পর্যালোচনার মধ্যে রয়েছে, তবে বাতিল হয়নি।
তিনি আরও বলেন, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা, কুশিয়ারা নদীর পানি বণ্টন, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন, ফারাক্কা বাঁধ আর্থিক সহযোগিতা, সিলেট-শিলচর সংযোগ এবং পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ; এ ধরনের প্রকল্প বা চুক্তি বাতিল হয়নি বা বাস্তবে নেই।
অদ্যাবধি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত চুক্তি বাতিল হয়নি এবং প্রক্রিয়া চলছে। এছাড়া আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার জন্য আলোচনা চলমান। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে, নবায়নের জন্য আলোচনা চলছে। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে, তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এর আগে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে দাবি করেছিলেন, ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন।
স্বদেশ প্রতিদিন/এমএএম