প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনের আকাশমণি গাছ কেটে নেওয়ার সময় একটি পিকআপভ্যানসহ কাঠ জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ৭৭১ দাগের সংরক্ষিত বাগান থেকে গাছ কেটে গাড়িতে তোলার সময় স্থানীয়দের সহায়তায় বন বিভাগের সদস্যরা গাড়িটি আটক করেন। পরে জব্দ করা কাঠ ও পিকআপভ্যান ভালুকা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাটা গাছগুলো স্থানীয় একটি করাতকলে নেওয়ার প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বাগানের গাছ আগামী বছর নিলামে তোলার পরিকল্পনা রয়েছে।
হবিরবাড়ি বিট কর্মকর্তা আব্দুল মতিন বলেন, গাছসহ গাড়িটি আটক করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তবে গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। মূল হোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মানিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানি না।
স্বদেশ প্রতিদিন/শাহো