প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৯:২৩ PM

সংগৃহীত ছবি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবি জানান।
গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অনিয়ম চলছে। চিকিৎসক ও নার্সদের অসৌজন্যমূলক আচরণ, ওষুধ সংকট, নিম্নমানের খাবার সরবরাহ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বেহাল অবকাঠামো এখন নিত্যদিনের চিত্র। এছাড়া রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে অর্থ আদায় করা হয়।
তিনি আরও বলেন, এই সব অনিয়মের কারণে ডা. মেজবাহ উদ্দিন একাধিকবার বদলির আদেশ পেলেও এখনো বহাল তবিয়তে রয়েছেন। হাসপাতালের সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পলি আক্তার বলেন, ডা. মেজবাহ উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালের শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি সাধারণ রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংস্কার কার্যক্রমে উদাসীন।
বিক্ষোভকারীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডা. মেজবাহ উদ্দিনকে অপসারণ করে বিভাগীয় তদন্ত না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, হাসপাতালের জনবল সংকট ও সংস্কারসংক্রান্ত বিষয়গুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে যা করা সম্ভব, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অপসারণের দাবির আন্দোলনটি উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি মহল এ দাবি উসকে দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো