প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৩২ পিএম

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে সংঘটিত এক মর্মান্তিক ডাকাতি ও হত্যার ঘটনায় মূল হোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করা টাকার মধ্যে ১৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন। জানা গেছে, ডাকাতির পর গ্রেপ্তারকৃতরা মাত্র পাঁচ হাজার টাকা করে ভাগ পেয়েছিল।
শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আতোয়ার রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুপচাঁচিয়ার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বাড়িতে ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
এ সময় ডাকাতদের বাধা দিলে গৃহকর্তার মা বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে তারা। রাত প্রায় ৪টা ৩০ মিনিটের দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই পুলিশ সুপার জেদান আল মুসার তত্ত্বাবধানে এবং ডিবির ইনস্পেক্টর রাজু কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ৪৬ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত বিমলা পোদ্দারের মোবাইল ফোনসহ মোট দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পূর্বের চারটি মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ