প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৯ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ১১:২৭ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যদি বসতে বলা হয়, আমরা বসব।”
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে আমরা এখানে বাজালাম। সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐকমত্যে আমরা যে সনদ করলাম, নির্বাচনের ব্যাপারেও রাজনৈতিক দলের নেতারা বসে একটা সনদ করেন, কিভাবে নির্বাচন করবেন।
তিনি আরো বলেন, যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া—এত কিছু করে লাভ কী হলো! এ কথা লিখে আমার লাভ কী হলো? কথা লিখলাম, কথা মানলাম না। কাজের মধ্যে দিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐকমত্য কমিশন বলেন, কমিটি বলেন—নিজেরা বসুন। নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন? উৎসবমুখর করে করবেন।
গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশের প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে ৩০০ জন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন। ৬৫(৩) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, এর মধ্যে নারী সদস্যদের অন্তর্ভুক্তি হবে। তবে বর্তমানে কিছু পক্ষ দাবি করছে যে, নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচন পরিচালনার দায়িত্বে—অন্য কোনো কিছু নয়। এটি সত্যই; নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, তবে কিভাবে তা সংবিধানে বর্ণিত আছে।
তিনি আরও বলেন, জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। এরপরও, প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে চাইলে বসা হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ