
জরুরি উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শনিবার (১৯ অক্টোবর) সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের জন্য ওই উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, নগরীর লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজল শাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও আশপাশের এলাকাগুলোতে।
এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারের শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
স্বদেশ প্রতিদিন/কেআইকে