প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫২ AM

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে কাফরুলের ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে সেখানকার শ্রমিকদের বের করে নিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে। তবে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি